কিশোরগঞ্জ-১ আসন
উন্মুক্ত, না খেলাফতকে ছাড়–জামায়াতের জোটে দ্বিধা
হেদায়েতুল্লাহ হাদী ও মোছাদ্দেক ভূঞা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ০৭:২৯
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটে জটিলতা দেখা দিয়েছে। এ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদীর ভাষ্য, সমঝোতার ভিত্তিতে তাঁকে আসনটি ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। তবে এখানে কোনো সমঝোতার বিষয় অস্বীকার করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের জেলা কমিটির সাবেক নায়েবে আমির মো. মোছাদ্দেক ভূঞা। তাঁর দাবি, আসনটি উন্মুক্ত।
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদরের শোলাকিয়ায় ১০ দলীয় জোটের প্রার্থী পরিচয়ে হেদায়েতুল্লাহ হাদীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের নেতৃত্বে দলের কিছু নেতাও উপস্থিত ছিলেন। ইকরাম হোসেনও জানিয়েছেন, এই আসন আপাতত উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিদ্ধান্ত আসতে পারে।
হেদায়েতুল্লাহ হাদীর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে ইকরাম বলেন, ‘উদ্বোধনের দাওয়াত পেয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি ব্যানারে জোটের প্রার্থীর কার্যালয় উদ্বোধন লেখা। তখন তো উঠে আসতে পারি না।’
হেদায়েতুল্লাহ হাদীর ভাষ্য, কেন্দ্রীয়ভাবে জামায়াত ১৭৯টি আসন রেখেছে। আর বাংলাদেশ খেলাফত মজলিসকে দিয়েছে ২০টি আসন। এর মধ্যে কিশোরগঞ্জ-১ আসনও রয়েছে। তবে এ আসনে তাঁর রিকশা প্রতীকের বিপক্ষে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলীকে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করার জন্য উন্মুক্ত রাখা হয়েছে; জামায়াতের জন্য নয়। তিনি বলেন, যদি জামায়াতের জন্য উন্মুক্ত রাখা হয়ে থাকে, তাহলে মোছাদ্দেক ভূঞা সেই তালিকা দেখাক।
মো. মোছাদ্দেক ভূঞার ভাষ্য, কেন্দ্র থেকে তাঁকে আসনটি উন্মুক্ত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলীর বক্তব্যের জন্য মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সংযোগ মেলেনি। হেদায়েতুল্লাহ হাদী আরও জানান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহরিয়ার জামান জোটের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ-১
- বিএনপি
