ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলীকদমে ম্রোদের ওপর হামলা, আহত ১০

আলীকদমে ম্রোদের ওপর হামলা, আহত ১০
×

হামলায় প্রেক্য ম্রো নামের একজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৪২

বান্দরবানের আলীকদম উপজেলার জানালীপাড়া গ্রামে ম্রো সম্প্রদায়ের ওপর সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গত শনিবার সকালে ও বিকেলে দুই দফা হামলার ঘটনা ঘটে।

সেনাবাহিনীর আলীকদম জোন থেকে একটি দল রোববার জানালীপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে গতকাল সকালে আলীকদম থানার ওসি আলমগীর শাহ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হামলার শিকার পাড়াবাসী জানান, শনিবার সকালে বাগানে কলার ছড়া ও গাছ চুরি করার সময় জাফর নামের একজনকে গ্রামবাসী হাতেনাতে ধরে ফেলেন। থানায় সংবাদ দেওয়ার জন্য তাকে জানালীপাড়ায় আটকে রাখা হয়। কিন্তু পুলিশকে খবর দেওয়ার আগে জাফরের দলের ১২ থেকে ১৪ সন্ত্রাসী দা, চায়নিজ কুড়াল, লাঠিসোটা নিয়ে পাড়াবাসীর ওপর হামলা চালায়। ম্রোদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফরকে ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলায় আহতদের মধ্যে ডাংয়া ম্রো ও প্রেক্য ম্রো মাথায় ও পিঠে গুরুতর আঘাত পান।

জানালীপাড়ার সেথং ম্রো জানান, আলীকদম-পোয়ামুহুরী সড়কে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে জানালীপাড়া। হামলার ঘটনায় পাড়াবাসী থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে আবার হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় আরও দুজন আহত হন। এর মধ্যে অমর ত্রিপুরা নামে একজনের অবস্থা গুরুতর।

আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, আহতদের মধ্যে ডাংয়া ম্রো, প্রেক্য ম্রো ও অমর ত্রিপুরাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আলমগীর জানান, গত সপ্তাহে জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল। দুই দিন কারাগারে থাকার পর ফিরে শনিবার আবার জানালীপাড়ায় চুরি ও হামলার ঘটনা ঘটিয়েছে। চুরি ও হামলার ঘটনায় মামলা হচ্ছে। জাফর ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×