ছাত্রদলের মানববন্ধনে ‘আম্মারের ঠিকানা; পাবনা, পাবনা’ স্লোগান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন। ছবি: সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৬:৫৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় ছাত্রদলের কর্মীরা ‘আম্মারের ঠিকানা; পাবনা, পাবনা’ বলে স্লোগান দেন।
মানববন্ধনে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থি এক শিক্ষক উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তার পুত্র নামে পরিচিত সালাহউদ্দিন আম্মার একজন মুনাফেক ছাত্রনেতা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস পদে নির্বাচিত হন সেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আম্মার গতকাল প্যারিস রোডে তারেক রহমানের নামে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। আমরা এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ধৈর্য ধারণ করে আছি।’
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সালাউদ্দিন আম্বারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি তার সু-চিকিৎসার ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নেব ব্যানার ছেড়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাত রয়েছে।’
কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল, রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিনসহ শাখার নেতৃবৃন্দ এবং হল ও অনুষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার গত রোববার ছিঁড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।
এছাড়া, গত সেপ্টেম্বরে পোষ্য কোটা বহালের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনসহ একাধিক শিক্ষক-কর্মকর্তার সঙ্গে সালাহউদ্দিন আম্মারের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। গত ১৭ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া আওয়ামী লীগপন্থি ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন এবং ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও ‘বাকিটা বুঝিয়ে দেব’ বলে হুঁশিয়ারি দেন। পরে তিনি সেই ডিনদের পদত্যাগপত্র লিখে এনে একে সবাইকে কল দেন এবং প্রশাসন ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে উপাচার্যের সঙ্গে বৈঠকে আওয়ামীপন্থি ছয় ডিন রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানান। এছাড়া ১৯ ডিসেম্বর আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক-কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এসব ঘটনা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- রাকসু
- ছাত্রদল
- স্মারকলিপি
