ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ অব্যাহত আপিল শুনানি হয়নি

শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ অব্যাহত আপিল শুনানি হয়নি
×

 সমকাল প্রতিবেদক ও সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণার পর থেকে বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ হয়। সন্ধ্যায়ও ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। 
এদিকে উচ্চ আদালত শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেছে শাবি প্রশাসন। তবে গতকাল আপিলের শুনানি হয়নি বলে জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনার ও মুখপাত্র নজরুল ইসলাম।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকালের আন্দোলনকারীরা ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও’, ‘শাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘শাকসু নিয়ে মববাজি, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। দুপুরে উপাচার্য কার্যালয়ে প্রবেশের সময় উপ-উপাচার্য সাজেদুল করিমকে দেখে ‘দালাল’ বলে স্লোগান দেন শাকসু প্রার্থীরা। ওই সময় তিনি কোনো জবাব না দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।
গতকাল সন্ধ্যায় শাকসু প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, চেম্বার জজ আদালতে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়, যা প্রক্রিয়াধীন। এরই পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি থাকার পরও মঙ্গলবার শাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। 

শাকসু নির্বাচন দাবিতে বেশি সক্রিয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। শুরুতে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা আন্দোলনে সক্রিয় থাকলেও নির্বাচন স্থগিতের পর গতকাল তাদের আন্দোলনে দেখা যায়নি। গতকাল শিবিরের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, আমরা প্রশাসনকে বলেছি, চেম্বার জজ আদালতের মাধ্যমে আগামীকাল (২১ জানুয়ারি) শাকসু নির্বাচন করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

প্রায় ২৮ বছর পর নানা নাটকীয়তার মধ্যে গতকাল মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। একজন স্বতন্ত্র ভিপি প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন উচ্চ আদালত। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাস ও শাবি গেটের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীসহ প্রার্থীরা। এমনকি ওই দিন উপচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। সোমবার রাত দেড়টার দিকে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলে উপচার্যসহ অন্যরা ভবন ত্যাগ করেন।
অন্যদিকে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রশিবিরি।

আরও পড়ুন

×