ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাগুরা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান নয়নের

মাগুরা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান নয়নের
×

ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় কথা বলেন রবিউল ইসলাম নয়ন।

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ১৮:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

তিনি বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, জিয়া পরিবার দেখে রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না। মনোনয়ন প্রক্রিয়ায় কেবল প্রার্থীর নাম পরিবর্তন হয়েছে, আদর্শ কিংবা লক্ষ্য নয়।’

শনিবার মাগুরা-২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। নয়ন বলেন, ‘আমরা তিনজন মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দল বাবু নিতাই রায় চৌধুরী দাদাকে মনোনয়ন দিয়েছে। শুরু থেকেই আমাদের অবস্থান স্পষ্ট- ধানের শীষ যার হাতে থাকবে, আমরাই তার শক্তি হবো‌।’

দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, ‘আমি একজন সাধারণ বিএনপি কর্মী। দল ও দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তা হৃদয় থেকে গ্রহণ করেছি।’

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, মামলা ও দমন-পীড়নের কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, ‘আপনারা দলের জন্য অনেকে খেত খামারে ঘুমিয়েছেন, জেল খেটেছেন। আমি গুলি খেয়েছি। ব্যক্তির চেয়ে দল বড়- এই বিশ্বাস নিয়েই রাজনীতি করি। ইন-শা-আল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো।’

নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়ে যুবদলের সদস্য সচিব বলেন, ‘একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, টাকার কাছে আদর্শ বিক্রি করবেন না। যে দল মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনদের ধর্ষণ করেছে সেই দলের ঠাঁই মাগুরা-২ আসনের মাটিতে হবে না।’ এসময় তিনি সব রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেন। ধানের শীষ হেরে গেলে নেতাকর্মীদের রক্ত হেরে যাবে বলেও বক্তব্যে উল্লেখ করেন নয়ন। 

এসময় তিনি সবাইকে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে মাগুরা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করবার কথা বলেন এবং সেই বিজয় তারেক রহমানের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন

×