নওগাঁয় ট্রাকচাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত
ট্রাকটি একটি ভ্যানকে চাপা দিয়ে সড়কের পাশে পড়ে যায়
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১০:২৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১১:১৯
নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ভ্যানের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) ও অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে।
স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ‘ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। তিনজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বলেন, গুরুতর অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হয়। এই ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন।
তিনি জানান, নিহত দু’জনের নাম জানা গেছে। তারা হলেন, উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।
- বিষয় :
- ট্রাকচাপা
- সড়ক দুর্ঘটনা
- নিহত
