ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা
×

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (তেঁতুলিয়া, আটোয়ারী, সদর উপজেলার) রাত ৮টা পর শাপলা কলির প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করায় তার প্রতিনিধি ও এনসিপি নেতা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। সেখানে সারজিস আলমসহ জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। রাত ৮টার পর মাইক ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত এনসিপি নেতা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা কনে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, ‘আমরা নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে।’

এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানাকৃত অর্থ নগদ প্রদান করেছি। আগামীতে আচরণবিধি মেনে মাইক ব্যবহার করব।’

আরও পড়ুন

×