চট্টগ্রামে বস্তিতে আগুন, শিশুসহ নিহত ২
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ১০:৫৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ | ১০:৫৭
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি রেল গেইট সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী সমকালকে বলেন, 'আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।'
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত অনুসন্ধান শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- আগুন
- আগুনে পুড়ে মৃত্যু