ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ গ্রেফতার ৫, সহকারী পরিচালক বরখাস্ত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ গ্রেফতার ৫, সহকারী পরিচালক বরখাস্ত
×

ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ২১:৪৯

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর নিহত ও আরও অন্তত ১৫ জন আহতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় কেন্দ্র তত্ত্বাবধায়কসহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।  তারা  হলেন- তত্ত্ববধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্রাকটর শাহানূর এবং ওমর ফারুক। 

পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ১০ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ৫ জনের সংশ্লিষ্টতার সতত্যা মিলেছে। এজন্য ওই পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, শুক্রবার কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন নিহত পারভেজ হাসান রাব্বির বাবা খুলনা দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আসামিদের নাম উল্লেখ করা হয়নি।

অন্যদিকে কেন্দ্রের তত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীর নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন রাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ যশোর পৌঁছেছে।

গত ৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের দুই গ্রুপের মারামারি হয়। সিসিটিভির ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে কর্মকর্তাদের উপস্থিতিতে আনসার সদস্য ও তাদের নির্দেশে কয়েকজন কিশোর ওই ১৮ জনকে বেধড়ক মারপিট করেন। মারপিট নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাদের ফেলে রাখা হয়। কয়েকজন অচেতন থাকায় তারা অজ্ঞান হয়ে গেছে মনে করলেও পরে তারা বুঝতে পারেন এরা নিহত হয়েছে। এরপর সন্ধ্যায় এক এক করে তাদের লাশ হাসপাতালে এনে রাখা হয়। 

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু প্রামানিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের আলহাজ নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮)। নাঈম হোসেন ধর্ষণ এবং রাব্বি হত্যা মামলার আসামি ছিল।

আরও পড়ুন

×