ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গুম-খুন, কারাবরণের জবাব দিতে হবে ১২ ফেব্রুয়ারি: আমীর খসরু

গুম-খুন, কারাবরণের জবাব দিতে হবে ১২ ফেব্রুয়ারি: আমীর খসরু
×

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচনী জনসভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সমকাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:২৩

গত ১৭-১৮ বছরের ত্যাগ, গুম-খুন ও কারাবরণের পূর্ণ জবাব ১২ ফেব্রুয়ারি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বলেন, ‘১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।’ এ জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমতো তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য একটি নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাহলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। সে কারণেই ১২ তারিখের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ শান্তি চায়, সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মানবোধের রাজনীতি চায়। মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে চায়, কর্মসংস্থান চায়, শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে চায়। বাংলাদেশের মানুষ তার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখতে চায়।

আরও পড়ুন

×