ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোট চুরি করতে আসলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন: সারজিস আলম

ভোট চুরি করতে আসলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন: সারজিস আলম
×

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪২

এবার যে ভোট চুরি করতে আসবে তাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। সোমবার রাতে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। ১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই। ১২ তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এ লড়াইয়ে বিজয়ী হবো।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি মনে করেন ২০ বছর আগের ওই নোংরা রাজনৈতিক কালচার, ভয় দেখিয়ে, ব্যালট চুরি করে, ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেন। সেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। আপনারা যে পুরনো বন্দোবস্তের পুরনো শকুন, সেটা আমরা এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছি।

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ১০ হাজার মানুষের কর্মসংস্থান, পৌরসভার আধুনিকায়ন, বাইপাস সড়ক নির্মাণ, পর্যটন শিল্পের উন্নয়ন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন, শ্রমিক ও তাদের সন্তানদের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ, সিন্ডিকেট মুক্ত জনপদ বিনির্মাণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গঠনসহ ইনসাফের দেশ গড়ার জন্য তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা দেড় বছরে জুলুম, নির্যাতন, হয়রানি, মামলা বাণিজ্য ও জমি দখলসহ নানা অপকর্ম করেছে, তাদের বয়কট করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×