গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ ডিসি অফিসের সামনে। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১১
গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন লঞ্চঘাট টু ঘোনাপাড়া পৌর সড়কের ফুটপাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে স্বাভাবিক আছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
এদিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ শহরের কলেজ রোডের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ২ আনসার ব্যাটালিয়ন সদরদপ্তরে ককটেল নিক্ষেপ করা হয়।
এরও আগে ১২ ডিসেম্বর শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
