উজিরপুর
জামায়াত নেতার বাসায় বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩০
বরিশালের উজিরপুর উপজেলায় বুধবার রাতে ভোটকেন্দ্র থেকে বের হয়ে জামায়াত নেতার বাড়িতে বৈঠক করার অভিযোগে ২ সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বরখাস্ত হওয়া ২ প্রিসাইডিং কর্মকর্তা হলেন- মো. ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার। তবে স্থানীয়দের অভিযোগ তাদেরক উপজেলা জামায়াতের আমিরের বাসা থেকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (৬৩) কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন ওবায়েদুল হক এবং আয়েশা আক্তার। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে প্রিসাইডিং কর্মকর্তাকে না জানিয়ে তারা কেন্দ্র থেকে বের হন। বিষয়টি টের পেয়ে তাদের পিছু নেন স্থানীয়রা। স্থানীয়রা দেখতে পান, ওই দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে বৈঠক করছেন। বাসা থেকে বের হওয়ার পর জনতা তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেন। অভিযোগে পেয়ে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বরখাস্ত করে নতুন দু’জনকে নিয়োগ দেন।
অভিযুক্তরা জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দু’জনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়া যাবে না। তারা নিয়ম ভেঙেছে। আর তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জামায়াত আমিরের বাসায় বৈঠক করেছেন।
- বিষয় :
- বরিশাল
- সংসদ নির্বাচন ২০২৬
- গণভোট
- বরখাস্ত
