পাহাড়ে ভোট উৎসবের আমেজ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৪
পাহাড়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা। বান্দরবানের (৩০০ নং আসন) বিভিন্ন কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। জেলা শহরের বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে দেখা গেছে।
বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মিলাটন মুহুরী জানান, সকাল ৯টা পর্যন্ত ৬ শতাংশ ভোট প্রদান করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বেড়েছে।
সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের সুয়ালক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, নারী ও পুরুষ ভোটাররা উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, সুয়ালক ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড মিলে এই কেন্দ্রে ভোটার ২ হাজার ২৬০। এর মধ্যে পুরুষ ১ হাজার ১১৫ ও নারী ১ হাজার ১৪৫ ভোটার। এখানে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।
বান্দরবান (৩০০নং) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির সাচিং প্রু, এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দীন, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল কালাম।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭, পুরুষ ১ লাখ ৬১ হাজার ৭৭৫। ভোট কেন্দ্র ১৮৭টি। আর ভোট কক্ষ ৭২৯টি।
সকালে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন গিয়ে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ সাংবাদিকদের বলেন, 'আমি ৮-১০ টি কেন্দ্র ঘুরলাম এখনো কোন ঝামেলা দেখতে পাইনি।'
ভোটার মানুচিং মারমা বলেন, 'আমার ভোটার নম্বর পেতে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এরপর ভোট দিতে পেরেছি।'
বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার খবর আসেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
- বিষয় :
- পাহাড়
- ভোট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
