বান্দরবানে সুশৃঙ্খল ভোট
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটারের সারি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩০
বান্দরবানের পার্বত্য অঞ্চলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সেখানে সানন্দে ভোটাররা এ কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে। বান্দরবান ৩০০ নং আসনে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জেলা শহরের বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়তেই ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিলাটন মুহুরী জানান, সকাল ৯টা পর্যন্ত ৬ শতাংশ ভোট পড়েছে। ঠান্ডা থাকায় সকালে ভোটার কম ছিল।
সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের সুয়ালকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। তারা উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, সুয়ালক ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড মিলে এই কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৬০ জন। সকাল ১০টা পর্যন্ত ১১ শতাংশ ভোট পড়েছে।
বান্দরবান ৩০০ নং আসনের চারজন প্রার্থী হলেনু বিএনপির সাচিং প্রু, এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দীন, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম। এই আসনে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৪২২ জন।
সকাল ৯টার দিকে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, শীতের কারণে ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়লে ভোটার বাড়বে।
বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সকাল সাড়ে ১১টা পর্যন্ত এখনও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার খবর আসেনি। এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
- বিষয় :
- বান্দরবান
