সুনামগঞ্জের ভোটকেন্দ্রে ছিল নারীদের সরব উপস্থিতি
সিলেটের রাগীব-রাবেয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটারের ভিড়। ছবি- ইউসুফ আলী
সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:১৯
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কেন্দ্রগুলোয় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে এ আসনে ১৭০টি কেন্দ্রের অধিকাংশটিতে বিএনপি (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রতীকের এজেন্ট ছাড়া অন্য তিন দলের প্রার্থীর কোনো এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও সকাল ৯টার পর কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি বাড়তে দেখা গেছে। ভোটারের উপস্থিতিতে সরব ছিল অধিকাংশ কেন্দ্র। দুটি উপজেলায় বিকেল ৩টা পর্যন্ত গড়ে ভোট কাস্টিং ছিল শতকরা প্রায় ৪৫ ভাগ।
দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বাইরে ভোটারের চাপ নেই। তকিপুর গ্রামের ৮৫ বছর বয়সী হাসিনা বেগম বলেন, গত ১০ বছর ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরে ভালো লাগল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, সুন্দর পরিবেশে উপজেলার বেশির ভাগ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
‘শুনেছি গন্ডগোল হয়, এবার তা দেখলাম না’
সুনামগঞ্জ শহরের ষোলঘর দ্বীনি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর ষোলঘরের বাসিন্দা মাধবী দাস বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ভোট দিতে এসেছি। আমার সামনে ১০-১২ জন ভোটার ছিল। আমার প্রথম ভোট, কোনো ঝামেলা ছাড়াই দিলাম। আমি যারে ভোট দিছি, তাইনে ফাস (পাস) করলেই আমি খুশি।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই শুনেছি ভোটে গন্ডগোল হয়। ঝামেলা হয়। এবার তা দেখলাম না।’
মধ্যশহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র একেবারে মুখোমুখি। এই কেন্দ্রগুলোর সামনে দুপুর ১২টায় প্রার্থীদের কর্মী-সমর্থকের ভিড়। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ হাতমাইকে কেন্দ্রের ৪০০ গজ দূরে যাওয়ার অনুরোধ করলে সবাইকে সরতে দেখা যায়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দুপুরে গণমাধ্যমকর্মীদের বললেন, জনগণ সন্তুষ্ট থাকলে আমরা সফল। আজকে এর চেয়ে বেশি বলার নেই।
প্রসঙ্গত, জেলার পাঁচটি আসনে মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। পাঁচটি আসনে ভোটে লড়েছেন ২২ জন প্রার্থী।
