ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাগুরা-২

বিএনপির নিতাই রায় চৌধুরীর বিজয়ে ভূমিকা রাখেন রবিউল ইসলাম নয়ন

বিএনপির নিতাই রায় চৌধুরীর বিজয়ে ভূমিকা রাখেন রবিউল ইসলাম নয়ন
×

নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়ন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট এবং হাতপাখা প্রতীকের মোস্তফা কামাল পেয়েছেন ১৬ হাজার ২২৩ ভোট। তবে নিতাই রায় চৌধুরীকে নির্বাচনে জিততে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বড় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ প্রসঙ্গে কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘রবিউল ইসলাম নয়ন না থাকলে নিতাই রায় চৌধুরী কোনো ভাবেই জিততে পারতেন না। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের বারবার অনুরোধ করেছেন। সবাইকে বলেছেন, প্রার্থী নয়- মনে করুন আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিচ্ছেন।’

স্থানীয়রা জানায়, নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় অধিকাংশ নেতাকর্মী ধরে নিয়েছিলেন আসনটি হয়তো বিএনপির হাতছাড়া হবে। সে সময় রবিউল ইসলাম নয়ন ধানের শীষকে জেতাতে ব্যাপক প্রচারণা করেন। দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এবং দলের চেয়ারম্যানের নির্দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি ব্যাপক পরিশ্রম করেন।

মাগুরা-২ আসনে ধানের শীষের বিজয়ে রবিউল ইসলাম নয়নের ভূমিকার প্রশংসা করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিল্টন মুন্সী। তিনি বলেন, ‘রবিউল ইসলাম নয়ন উদ্যোগ না নিলে নিতাই রায় চৌধুরী কখনও জয়লাভ করতে পারতেন না। দিনরাত পরিশ্রম করে নয়ন সবাইকে এক ছাদের নিচে নিয়ে এসেছিলেন। তার কথায় সব ভেদাভেদ ভুলে নিতাই রায় চৌধুরীর পক্ষে কাজ করেন সবাই।’

মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম মিয়া সাবু বলেন, ‘রবিউল ইসলাম নয়ন আমাদের দিয়ে নিতাই বাবুর পক্ষে কাজ করিয়েছেন। সবাই নয়নের অনুরোধে, চাপাচাপিতে নিতাই বাবুর পক্ষে কাজ করেছেন।’

নিতাই রায় চৌধুরীর বিজয়ে তার ভূমিকার বিষয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি দলের ও আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করেছি। আমার কাছে দল আগে। বিএনপির চেয়ারম্যান আমাকে বলেছিলেন যেভাবেই হোক ধানের শীষকে জিতিয়ে আনতে। আমি কথা দিয়েছিলাম- মাগুরা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করব। আমি আমার দল ও নেতার নির্দেশ পালন করেছি। আমি আমার কথা রেখেছি।’

আরও পড়ুন

×