ভারতের বন্দিদশা থেকে রেজাউলের অবিশ্বাস্য ফেরা
রেজাউল হক
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাদিয়ারছড়া গ্রামে এখন আনন্দের বন্যা। ২৫ বছর আগে নিখোঁজ হওয়া সেই শিশু রেজাউল হক আজ যুবক হয়ে নিজ ভিটায় ফিরে এসেছেন। আড়াই দশক পর হারানো স্বজনকে ফিরে পেয়ে পরিবারে বইছে অশ্রু আর হাসির মিলনমেলা।
রেজাউলের দেওয়া তথ্যমতে, ২৫ বছর আগে ছোটবেলায় ভুলবশত একটি ট্রাকে করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে প্রথমে ভিক্ষা করে জীবন চললেও পরে একটি চক্রের খপ্পরে পড়েন। তাঁকে ভারতের একটি দুর্গম এলাকায় গরুর খামারে আটকে রেখে দাসের মতো খাটিয়ে নেওয়া হতো। দিনরাত হাড়ভাঙা পরিশ্রমের বিনিময়ে জুটত কেবল তিন বেলা খাবার। দীর্ঘ ২৫ বছরে কাজের কোনো পারিশ্রমিক পাননি তিনি, বরং কড়া পাহারায় বন্দি রাখা হয়েছিল তাঁকে।
তিন দিন আগে কৌশলে সেই বন্দিশালা থেকে পালিয়ে সীমান্তে পৌঁছান রেজাউল। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে নিজের করুণ কাহিনি তুলে ধরেন। কোনো বৈধ কাগজপত্র না থাকলেও দীর্ঘ বন্দিদশার কথা শুনে মানবিক কারণে বিএসএফ সদস্যরা তাঁকে বাংলাদেশে ফিরতে সহায়তা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে নিজ গ্রামে পা রাখেন রেজাউল।
রেজাউলের বাবা আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘ছেলের ফিরে আসার আশা ছেড়েই দিয়েছিলাম। আল্লাহ ওকে ফিরিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। রেজাউলের জন্মনিবন্ধনসহ নাগরিক সকল সুবিধা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
রেজাউল হক ২৫ বছর ভারতে মানবেতর জীবন কাটিয়েছেন। দীর্ঘ বন্দিদশার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত। তাঁকে সামাজিকভাবে পুনর্বাসিত করতে এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
- বিষয় :
- বন্দিদশা
