চৌগাছায় ঐতিহ্যের খেজুর গুড়ের মেলা শুরু
বছরে জেলায় ১০০ কোটি টাকার উৎপাদন
যশোরের চৌগাছায় খেজুর গুড় মেলায় স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৪১
যশোরের চৌগাছা উপজেলায় দুই দিনের খেজুর গুড় মেলা শুরু হয়েছে। ‘যশোরের যশ, খেজুরের রস’– এই ঐতিহ্য ধরে রাখতে মেলার আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে মঙ্গলবার চৌগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ।
মেলায় ১৫টি স্টলে নিজেদের তৈরি খেজুর গুড়, পাটালি ও কৃষিপণ্য নিয়ে অংশ নেন চাষিরা। মেলায় অংশ নেওয়া হাকিমপুর ইউনিয়নের মাঠ চাকলা গ্রামের গাছি আবদুল কুদ্দুস বলেন, প্রতিবছর খেজুর গুড়ের মেলা হওয়ায় গাছিরা বেশি উপকৃত হচ্ছে। খেজুর গুড় পাটালির চাহিদা বেড়েছে। গাছিরা রস, গুড় ও পাটালির ন্যায্য দাম পাচ্ছেন।
সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের গাছি ইব্রাহিম খলিল বলেন, আমরা বংশপরম্পরায় খেজুর গুড় পাটালি তৈরি করি। মেলায় বিশেষ ধরনের হাজারি গুড় (সাদা রঙের পাটালি) নিয়ে এসেছি। এটি মানিকগঞ্জে হাজারি গুড় নামে পরিচিত। বিশেষ ধরনের এই গুড়ের দাম ও চাহিদা বেশি।
চৌগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, যশোরের খেজুর রসের গুড়ের ঐতিহ্য কয়েকশ বছরের। জেলায় বছরে শত কোটি টাকার খেজুর গুড় পাটালি তৈরি হয়। যশোরের গুড় পাটালির সুনাম রয়েছে দেশ-বিদেশে। সময়ের পরিক্রমায় বিলুপ্তির পথে এ ঐতিহ্য। তাই এর ঐতিহ্য সুরক্ষা ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, যশোরে উৎপাদিত খেজুর গুড় অর্গানিক হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে। এ অঞ্চলের খেজুর গুড় পাটালি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চৌগাছায় মেলার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও মেলা হচ্ছে। ইতোমধ্যে খেজুর গুড় যশোরের জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। জেলায় প্রতিবছর ১০০ কোটি টাকার গুড় উৎপাদন হয়।
