নিজ এলাকায় মন্ত্রী-প্রতিমন্ত্রী
কৃষকবান্ধব নীতির মাধ্যমে শক্তিশালী করা হবে কৃষি
কুমিল্লায় খাদ্যমন্ত্রী ইয়াছিন
আমিন উর রশীদ ইয়াছিন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক অগ্রগতির। এই লক্ষ্য সামনে রেখে কৃষি, শিক্ষা, শিল্পসহ সব খাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। গতকাল শনিবার কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শিল্প ও কৃষির সমন্বিত বিকাশের মাধ্যমে কুমিল্লাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি নিজেও কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকবান্ধব নীতি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে সারাদেশের কৃষিকে শক্তিশালী করা হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সাংবাদিকরা দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখতে পারেন।
কুমিল্লাকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের; এটি অনেক দূর এগিয়েছে।
- বিষয় :
- খাদ্যমন্ত্রী
