দেড় বছরের শিশুকে জঙ্গলে ফেলে পালায় অপহরণকারী
ফাইল ছবি
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২৩
ঝালকাঠির রাজাপুরে নির্জন জঙ্গলে পাওয়া গেছে অপহরণের শিকার দেড় বছর বয়সী এক শিশুকে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি ইটভাটা ও খানবাড়ির মাঝামাঝি খালের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নেয়াকাঠি গ্রাম থেকে মিহির মোল্লা নামে ওই শিশুকে অপহরণ করা হয়।
মিহির নেয়াকাঠি গ্রামের মাহাবুর মোল্লার ছেলে। মাহাবুর জানিয়েছেন, এলাকার ধর্মবোন ময়না বেগম তাঁর স্বামী তোতা মিয়াকে (৩৫) দুই মাস আগে তালাক দেন।
রাজাপুরের পুঁটিখালী গ্রামের বাসিন্দা তোতা মিয়া বিষয়টি মেনে নিতে পারেননি। এরই মধ্যে দ্বিতীয় বিয়ে করেন ময়না। বিষয়টি জানতে পেরে শনিবার তোতা মিয়া সেখানে গিয়ে মাহাবুরের বাড়িতে রাতযাপন করেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে মিহিরকে নিয়ে বের হন তোতা। কিছুক্ষণের মধ্যে অটোরিকশায় করে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এ সময় মোবাইল ফোন বন্ধ করে দেন।
মাহাবুর মোল্লার ভাষ্য, বেলা আড়াইটার দিকে তোতা মিয়া মোবাইল ফোন চালু করে তাঁর (মাহাবুর) বোন নাজমা বেগমকে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে বা পুলিশে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন। তখন তারা ডুমুরিয়া থানায় মামলা করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী তোতার অবস্থান শনাক্ত করে। বিষয়টি টের পেয়ে মিহির মোল্লাকে নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যান তিনি। রোববার ইফতারের পর নামাজ শেষে বাড়ি ফেরার পথে মো. রুহুল আমিন তালুকদার, রুবেল খান ও মো. রিমন খান শিশুটিকে পশ্চিম আঙ্গারিয়ার ইটভাটা ও খানবাড়ির মাঝামাঝি খালের পাশের নির্জন বাগানে কাঁদতে দেখেন। এ সময় মিহিরকে উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে যান। সেখানে এসে সন্তানকে শনাক্ত করেন মাহাবুর মোল্লা।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, উদ্ধার শিশুটিকে মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডুমুরিয়া থানায় হওয়া মামলার ভিত্তিতে দুই থানার সমন্বয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তোতা মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
