ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খরাপ্রবণ জমিতে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

খরাপ্রবণ জমিতে সয়াবিন  চাষের নতুন সম্ভাবনা
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

হৃদরোগের ঝুঁকি হ্রাস, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে এমন একটি সয়াবিনের ইনব্রিড জাত উদ্ভাবন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এমএ মান্নানের নেতৃত্বে সম্প্রতি জাতটি উদ্ভাবিত হয়। দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত উচ্চ খরা সহনশীল এ জাতের নাম দেওয়া হয়েছে ‘জিএইউ সয়াবিন ৬’। 
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, তাইওয়ানের এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দক্ষিণ কোরিয়া থেকে সংগৃহীত প্রায় ২৫০টি জার্মপ্লাজমের তিন বছরের কঠোর পরীক্ষায় ‘জি০০০৫৬’ জার্মপ্লাজমটি খরা-সহনশীল হিসেবে নির্বাচিত হয়। পরে ‘সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া’ এর সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলায় পাঁচ বছরের মাঠপর্যায়ের মূল্যায়নের ভিত্তিতে জাতীয় বীজ বোর্ড গত ১১ নভেম্বর এ জাতটির আনুষ্ঠানিক ছাড়পত্র দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ফসলের জাত ৯৪টিতে পৌঁছাল। 
ড. মান্নান বলেন, উপকূলীয় চরাঞ্চলের লবণাক্ততা, অনাবৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ার যে কঠিন বাস্তবতা এই জাত সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ফলপ্রসূ। খরাপ্রবণ জমিতে সয়াবিন চাষ এতদিন অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। এ জাত সেই অনিশ্চয়তা ভেঙে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। 

উদ্ভাবিত জাতের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, প্রতি গাছে ৮০-১০০টি ফল এবং বড় দানার কারণে ১০০০ বীজের ওজন প্রায় ২৩০ গ্রাম। সাধারণ জাতের তুলনায় এটির ফলন বেশি। হেক্টর প্রতি অনায়াসেই ৩.২ থেকে ৩.৮ টন ফলন পাওয়া যায়। জাতটির অন্যতম বৈশিষ্ট্য হলো বীজে ট্রিপসিনের মাত্রা কম থাকায় পোল্ট্রি খাদ্যে প্রোটিন শোষণের হার বাড়ে, ফলে এটি পোল্ট্রি শিল্পের জন্য উপকারি। তুলনামূলক কম সময়ের মধ্যে পরিপক্ব হয়ে তিন মাস থেকে তিন মাস ১০ দিনেই উৎপাদন পাওয়া যায়। এতে রয়েছে ৪০-৪৫% উচ্চমানের প্রোটিন ও ১৮-২০% তেল। অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ এ ফসল অপুষ্টি দূরীকরণ, হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য ভূমিকা রাখবে। 
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘জিএইউ সয়াবিন ৬’ বাংলাদেশের কৃষিতে একটি যুগান্তকারী অর্জন।

আরও পড়ুন

×