ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদাবাজি, দুর্নীতি মাদক কারবার নির্মূল করা হবে

চাঁদাবাজি, দুর্নীতি মাদক কারবার নির্মূল করা হবে
×

নিতাই রায় চৌধুরী

 মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক কারবার ও পাচার সম্পূর্ণ রূপে নির্মূল করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল শুক্রবার মাগুরা সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর গতকাল দুপুরে নিজ জেলা মাগুরায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। মন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই মাগুরা ওয়াপদা এলাকা থেকে গড়াই সেতু পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। এ সময় তারা সংস্কৃতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে  অভ্যর্থনা জানান। মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে তিনি মাগুরা সার্কিট হাউসে প্রবেশ করলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি উপজেলায় দুটি করে খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর পরে নদী খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার, ফটকি, চিত্রাসহ বিভিন্ন নদী খনন করা হবে। এ ছাড়া মাগুরার সব ক্ষেত্রে উন্নয়ন সাধন করা হবে। মাগুরার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। বেকার সমস্যা সমাধানে শিল্পকলকারখানা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জেলার সমস্যা সমাধানে উৎপাদনমুখী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকাররা নিজ উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজে ভূমিকা রাখবে। এ জন্য সরকার সহায়তা করবে।  
মহম্মদপুর প্রতিনিধি জানান, মাগুরা-২ (সদর, শালিখা, মহম্মদপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীকে মহম্মদপুর উপজেলায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে আরএসকেএইস ইনস্টিটিউশন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অন্যদের  মধ্যে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বাচ্চু। এর আগে প্রেস ক্লাবে নিতায় রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।  

আরও পড়ুন

×