১৬ মার্চ দিনাজপুরে খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২০:৫০
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ বলরামপুর গ্রামে উপস্থিত থেকে তিনি প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ রোববার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান এ্যানী।
তিনি বলেন, আমরা নির্বাচিত সরকার খাল খনন ও পুনর্খনন কর্মসূচি হাতে নিয়েছি। ১৬ মার্চ সাহাপাড়া খালটি পুনর্খননের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী এই কর্মসূচি যখন শেষ হবে, এলাকার সাধারণ মানুষ উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। এই খাল খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের ক্ষেতে যাবে। এতে ফসলের উৎপাদন বাড়বে।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন খাল খনন বা পুনর্খনন প্রক্রিয়া বন্ধ ছিল, বাধাগ্রস্ত ছিল এবং অনেক খাল অথবা অনেক নদীর অনেক জায়গায় পলি জমে ছিল। অনেক জায়গায় দোকানপাট, বাড়িঘর খালের মাঝখানে গড়ে উঠেছিল। সব বাধাবিপত্তি দূর করে সবার সহযোগিতায়, বিশেষ করে খালের আশপাশের এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। আমরা যদি খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করতে পারি, দেশের ফসলের উৎপাদন বাড়বে।
খনন প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয় তিনি বলেন, দেশে জনগণ নির্বাচিত সরকার, জনবান্ধব সরকার। কোনোভাবেই যাতে দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় না পায়, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এ কাজগুলো করব। সেখানে আমরা দায়িত্বশীলতার সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করব।
