ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি
বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে
ওসি আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৯:১৪
বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী এ আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন মাদকবিরোধী অভিযানের নামে জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বলের গাড়ি ধাওয়া দিয়ে আটক করেন। এর পর তাঁর কাছে মাদক আছে বলে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। বাধ্য হয়ে বিএনপি নেতা তাঁর স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা সংগ্রহ করে ওসিকে দেন। এর পরও তাঁকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।
গত ২৫ ফেব্রুয়ারি ফজলুল হক উজ্জ্বল আদালতে ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য শাহজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন। তদন্ত শেষে আদালতে তিনি অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে আসেন সাবেক ওসি আলমগীর হোসেন। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া আদালতের কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের সমন অনুযায়ী আলমগীর হোসেন হাজিরা দিতে এলে শুনানি শেষে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন দিনাজপুর পুলিশ লাইনে কর্মরত আছেন।
মামলার বাদী ফজলুল হক উজ্জ্বল বলেন, ‘তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন ও চাঁদাবাজি চালিয়েছেন। আমিও এর শিকার হয়েছি। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।’
