ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমিরাতে নিহত সালেহের লাশ দেশে, দাফন সম্পন্ন

আমিরাতে নিহত সালেহের লাশ দেশে, দাফন সম্পন্ন
×

অ্যাম্বুলেন্সে আহমদ আলী সালেহর মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি ও জুড়ী সংবাদদাতা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ২০:৫৪ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ২২:২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে নিহত সিলেটের বড়লেখার গাজীটেকা (বাঁশতলা) গ্রামের আহমদ আলী সালেহের মরদেহ দেশে এসেছে। 

আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছালে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে। সেখানে আহমদ আলী সালেহর মরদেহ গ্রহণ করে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেল সাড়ে ৩টার দিকে লাশ গাজীটেকা পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যসহ স্বজনের বিলাপ আর আর্তনাদে বাতাস ভারী হয়ে আসে। তখন উপস্থিত সকলের মাঝে নেমে আসে শোকের ছায়া। পরে আসরের নামাজের পর জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

এর আগে লাশ গ্রহণ করে মন্ত্রী আরিফুল হক বলেন, মন্ত্রণালয় থেকে মরহুমের দাফনের জন্য ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক দেওয়া হয়েছে ২০ হাজার টাকা। মঙ্গলবার আরও এক লাখ টাকা মৃতের পরিবারকে দেওয়া হবে। নিহত সালেহর বড় ছেলেকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। এছাড়া মৃতের মেঝ ছেলের চিকিৎসার জন্য সরকারি ভাবে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান। মৃতের স্ত্রীকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী।

আরও পড়ুন

×