ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টাঙ্গাইলের মধুপুর

গারো নারীকে হেনস্তা, বাড়ি ভেঙে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

গারো নারীকে হেনস্তা, বাড়ি ভেঙে উচ্ছেদের চেষ্টার অভিযোগ
×

মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানে গারো পরিবারকে উচ্ছেদে গিয়ে হেনস্তা ভিডিও থেকে নেওয়া

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:৩৪

| প্রিন্ট সংস্করণ

মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগান এলাকায় শটগান দিয়ে গুলির ভয় দেখিয়ে একটি দরিদ্র গারো পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় রাবার বাগানের আনসার সদস্যদের হাতে একজন গারো নারী হেনস্তার শিকার হন।

জানা গেছে, মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানের কালাপাহাড় এলাকায় শিবলী মাংসাং নামক ভূমিহীন গারো নারী পাঁচ বছর আগে ঘর তুলে ১১ সন্তান নিয়ে বসবাস করছেন। ভাঙাচোরা একটি ছোট ঘরে পরিবারের ১৩ সদস্য বাস করা কষ্টকর হওয়ায় তিন দিন আগে একটি দোচালা ছাপরা ঘর তোলেন। খবর পেয়ে বন শিল্প উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার বিজন কুমার সশস্ত্র আনসারসহ ২০-২৫ জন স্টাফ নিয়ে গত সোমবার ঘটনাস্থলে গিয়ে চড়াও হন। ছাপরা ঘরের ছাউনি ও খুঁটি ভেঙে ফেলেন। পরিবারের সদস্যদের গালাগাল ও ভয়ভীতি দেখান। বাড়ির গাছ কেটে ফেলেন।
এক ভিডিওতে দেখা যায়, গৃহকর্ত্রী শিবলী মাংসাং বাধা দিতে গেলে আনসার সদস্যরা কাপড় ধরে টানাটানি করেন। এক আনসার তাঁকে গুলি করার জন্য শটগান তাক করেন। অন্যরা সংযত হওয়ার ইঙ্গিত দিলে তিনি গুলি করা থেকে বিরত থাকেন। এ সময় শিবলী মাংসাংকে বাচ্চাসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।
শিবলীর স্বামী রুমেন খুবি বলেন, চাঁদপুর রাবার বাগানের বহু জমি প্রভাবশালীরা জবরদখলে নিয়ে আনারস ও কলা চাষ করেছেন। বাড়িঘর তুলেছেন। বাগান কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করেননি। কিন্তু তাঁর মতো একটি অসহায় পরিবারের ঘরবাড়ি ভেঙে গুলির ভয় দেখিয়ে বাড়িছাড়া করছেন। 

চাঁদপুর রাবার বাগানের আনসার ক্যাম্পের সদস্যরা জানান, উত্তেজনার মুহূর্তে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য শটগান তাক করা হয়েছিল।
চাঁদপুর রাবার বাগানের ম্যানেজার আমান উল্লাহ আমানের ভাষ্য, বাগানের জমিতে নতুন করে ঘর তুলতে বাধা দেওয়া হয়। তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার কোনো চেষ্টা ছিল না।
বন শিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, এটি দুঃখজনক ঘটনা। দরিদ্র পরিবারের সঙ্গে এমন আচরণ ঠিক হয়নি। আনসার সদস্যরা বাড়াবাড়ি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গারো পরিবারটি যাতে ওই বাড়িতে থাকতে পারেন সেই সহযোগিতা করা হবে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দরিদ্র পরিবারটিকে পুনর্বাসন করা হচ্ছে। বেপরোয়া আচরণের জন্য বাগানের আনসার টিমকে বদলির সুপারিশ করা হচ্ছে।

আরও পড়ুন

×