এমপির সঙ্গে ফেসবুকে ছবি, তবু পুলিশ খুঁজে পাচ্ছে না হত্যার আসামিকে
এমপির সঙ্গে হত্যার আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০১:১৪
রাজশাহীতে জামায়াতকর্মী মো. আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল স্থানীয় বিএনপির এক সংসদ সদস্যের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম। তারপর কেশরহাটে ইফতার মাহফিলে যোগদানের উদ্দেশ্যে রওনা।’ তবে পুলিশ বলছে, ওই আসামি পলাতক। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ৮ মার্চ মোহনপুরের সাঁকোয়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে হাতাহাতির সময় মো. আলাউদ্দিনের মৃত্যু হয়। আলাউদ্দিন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে এমরান আলী বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বুকের ওপর উঠে লাফালাফি করে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। মামলায় রাইসুল ইসলাম রাসেলকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। আলাউদ্দিনের মৃত্যুর পর ওই রাতে জামায়াতের কর্মীরা রাইসুলের বাড়িতে ভাঙচুর চালায়।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংশ্লিষ্ট এমপি শফিকুল হক মিলন সমকালকে বলেন, রাসেলকে আমি দলীয় নেতা হিসেবে চিনি। তাঁর নামে কোনো মামলা আছে কিনা, জানা নেই। তা ছাড়া কে কখন ছবি তোলে, খেয়াল রাখা সম্ভব না। খোঁজ নিয়ে দেখেছি, যে মামলায় তাঁকে আসামি করা হয়েছে, তিনি হৃদরোগে মারা গেছেন। তিনি বিএনপির রাজনীতি করতেন। তাঁর এক ছেলে বিএনপি, আরেক ছেলে শিবির করে। তাঁর পক্ষ থেকেই এসব অভিযোগ।
গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে রাজশাহী ফেরেন শফিকুল হক মিলন। এ সময় বিমানবন্দরেই তাঁর সঙ্গে সেলফি তোলেন রাইসুল ইসলাম। শুক্রবার কেশরহাট পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে হত্যা মামলার অন্য আসামিরা উপস্থিত থাকলেও পুলিশ বলছে, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেশরহাট পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোখলেসুর রহমান বলেন, এয়ারপোর্ট থেকে হত্যা মামলার প্রধান আসামি মোহনপুর থানার সামনে দিয়ে ইফতার মাহফিলে এলেন। আর পুলিশ নাকি তাঁকে খুঁজে পাচ্ছে না। কেশরহাটে ইফতার মাহফিলে হত্যা মামলার অন্য আসামিরাও ছিলেন। আমরা খুবই আশ্চর্য হলাম। আইনের শাসন কোথায়!
রাইসুল ইসলাম রাসেল বলেন, আলাউদ্দিন হ্যার্ট অ্যাটাকে মারা গেছেন। মামলায় আমাদের ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করছি।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান বলেন, আসামিদের জামিনের কোনো কাগজপত্র পাইনি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
- বিষয় :
- রাজশাহী
- হত্যা মামলার আসামি
- সংসদ সদস্য
- বিএনপি
