ভাড়া বাসায় মরদেহ: জাবি ছাত্রীর স্বামী গ্রেপ্তার
ফাহিম আল হাসান
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ২১:১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজার (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার ফাহিমকে আদালতে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের সন্দেহের তীর স্বামীর দিকেই।
গতকাল রোববার বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চারতলা ভবনের নিচ তলা থেকে শারমীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমীন জাহান খাদিজা লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। স্বামী ফাহিম কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী তরুণদের সংগঠন ইয়েস গ্রুপের ডেপুটি টিম লিডার ছিলেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি ফাহিম। তবে পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন শারমীন তার স্ত্রী। কয়েকমাস আগে তাদের বিয়ে হয়।
আশুলিয়া থানার ওসি তদন্ত আজগর হোসেন জানান, বছর খানেক আগে তাদের বিয়ে হলেও তা পারিবারিকভাবে হয়নি। বিয়ের পরে দুই পরিবার জানতে পারে। ফাহিমের আচরণে সন্দেহজনক ও অস্বাভাবিক কিছু আচরণ পাওয়া গেছে।
এ দিকে শারমীন জাহান খাদিজার হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে টিআইবি। হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জয়বুন নেসা বলেন, একটি ফুলের মত নিষ্পাপ মেয়ের জীবন এভাবে চলে যেতে পারে না। এমন মৃত্যু আমরা কোনোভাবেই মানতে পারি না। হত্যাকারী যেই হোক তার বিচার করতে হবে।
