ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: দুর্ঘটনাপ্রবণ ৯ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: দুর্ঘটনাপ্রবণ ৯ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএর
×

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ০০:৫৬

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ৯টি বাঁকে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা স্থাপন করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বাঁকে বাঁকে উভয় পাশে সারিবদ্ধভাবে পতাকাগুলো লাগানো হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহাসড়কের যেসব স্থানে দুর্ঘটনার ঝুঁকি বেশি, সেই বাঁককে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে লোহাগাড়ার চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী অভয়ারণ্য-সংলগ্ন বাঁক, জাঙ্গালিয়া বাঁক, ডেপুটি বাজারের আগে ও পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকা, লোহাগাড়া রাজাঘাটা, সাতকানিয়ার মিঠাদীঘি, চন্দনাইশের খানহাট পুকুর এবং পটিয়ার পাইরুল মাজারসংলগ্ন বাঁকে লাগানো হয়েছে পতাকা।

বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের ইন্সপেক্টর মেহেদী হাসান পাটোয়ারী বলেন, ঈদের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে আগাম সতর্কতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক বছরে এসব বাঁকে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে গত বছরের ঈদুল ফিতরের দিন সকালে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন নিহত হন। এর পর থেকেই বাঁকগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি ওঠে।

আরও পড়ুন

×