কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকার মাদক জব্দ
ছবি: সংগৃহীত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৭:২২
কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ এলএসডি ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬ কোটি ২৬ লাখ টাকারও বেশি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া বিজিবি (৪৭ ব্যাটালিয়ন) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল এলএসডি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ছিল ৫০ মিলিলিটার করে তরল এলএসডি। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে মঙ্গলবার ভোরে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকায় আরও দুটি অভিযান চালায় বিজিবি। এসব অভিযানে ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- বিষয় :
- কুষ্টিয়া
- মাদকবিরোধী অভিযান
- বিজিবি
