ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৫০০ বছরের ওরস উদ্বোধন করলেন এমপি চাঁদ

৫০০ বছরের ওরস উদ্বোধন করলেন এমপি চাঁদ
×

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, ‘অনেক ভক্ত তাদের আশা-আকাঙ্ক্ষা নিয়ে হজরত শাহদৌলা (রহ.) মাজার প্রাঙ্গণে সমবেত হয়েছেন। মাজারের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। মাজারের উন্নয়ন ও এখানে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিষয়টি আমার নির্বাচনী ইশতেহারে রয়েছে। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
সোমবার জোহর নামাজ শেষে তবারক বিতরণের মাধ্যমে বাঘার আধ্যাত্মিক দরবেশ হজরত শাহদৌলা (রহ.)-এর পবিত্র ওরস অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতি বছরের মতো এবারও আরবি শাওয়াল মাসের ৩ তারিখ মাজার ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির উদ্যোগে হজরত শাহ মোয়াজ্জেম দানিশমন্দ ওরফে শাহদৌলা (রহ.)-এর ৪৯৭তম এবং তাঁর পুত্র হজরত আব্দুল হামিদ দানিশমন্দ কুতুবুল আফতাব (রহ.)-এর ৩৯৮তম ওফাত দিবস পালিত হয়। 

ওরস উপলক্ষে বাঘায় দূরদূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। চিশতিয়া দরবার শরিফের পরিচালক আলতাফ হোসেন, দৌলতপুরের ওমর ফারুকসহ আগত ভক্তরা জানান, মাজার জিয়ারত, মানত পরিশোধ, রোগমুক্তি এবং আধ্যাত্মিক কামিয়াবি লাভের আশায় তারা প্রতি বছর এখানে ছুটে আসেন।
মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার প্রায় ছয় হাজার মানুষের জন্য তবারকের আয়োজন করা হয়েছিল। তবারকে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসের বিশেষ ব্যবস্থা ছিল।
জানা যায়, ৫০০ বছর আগে সুদূর বাগদাদ থেকে পাঁচজন সঙ্গীসহ ইসলাম প্রচারের জন্য বাঘায় আসেন আব্বাসীয় বংশের হজরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহ.)। তিনি পদ্মা নদীর তীরবর্তী কসবে বাঘা নামক স্থানে বসবাস শুরু করেন এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এলাকায় ইসলাম প্রচারে ব্যাপক সাফল্য লাভ করেন। তাঁর ও তাঁর সুযোগ্য পুত্রের ওফাত দিবস স্মরণে প্রতি বছর এই ওরস ও মেলার আয়োজন করা হয়।
 

আরও পড়ুন

×