ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লঞ্চের ধাক্কায় ডুবল ট্রলার, বাউফলে দুজনের লাশ উদ্ধার

লঞ্চের ধাক্কায় ডুবল ট্রলার, বাউফলে দুজনের লাশ উদ্ধার
×

ফাইল ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৫:৫৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১৮:৩২

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে তরমুজবোঝাই একটি ট্রলার। এতে দুই শ্রমিক মারা গেছেন। আজ বুধবার ভোররাতে উপজেলার বামনিকাঠী এলাকায় লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শ্রমিক হলেন- জেলার রাঙ্গাবালী উপজেলার চরলাট সাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে রেজাউল করিম (২৮) ও একই উপজেলার চর বেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে নাছির ফকির (৪২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাঙ্গাবালীর কয়েকজন চাষি তরমুজবোঝাই ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। বুধবার ভোর প্রায় চারটার দিকে লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় পৌঁছায় ট্রলারটি। এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়।

এতে মুহূর্তের মধ্যেই ট্রলারটি তলিয়ে যায়।  ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে রক্ষা পান। তবে ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে পারেননি। আজ দুপুর দুইটার দিকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে। 

স্থানীয় লোকজনের ধারণা, ভোরে নদীতে ঘন কুয়াশা ছিলো। এ কারণে লঞ্চের সুকানি হয়তো ট্রলারটি দেখতে পারেননি। যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

কালাইয়া বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্ত করছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলামের ভাষ্য, পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুটি লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×