ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতাপাঠে আপত্তির অভিযোগ জামায়াত এমপির বিরুদ্ধে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতাপাঠে আপত্তির অভিযোগ জামায়াত এমপির বিরুদ্ধে
×

তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো ও তানোর সংবাদদাতা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৬:৪৪ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ২০:৫৮

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতাপাঠ না রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমানের বিরুদ্ধে। তবে রাজশাহীর তানোরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পাশাপাশি গীতাপাঠ হয়েছে।

আজ বৃহস্পতিবার তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠান হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার জন্য সংসদ সদস্য মুজিবুর রহমানকে ফোন করে আমন্ত্রণ জানানোর সময় তিনি অনুষ্ঠানে গীতাপাঠ না রাখতে ইউএনওকে নির্দেশনা দেন। স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিশ্চিত করে ইউএনও নাঈমা খান।

ইউএনও নাঈমা খান সমকালকে বলেন, ‘এমপি স্যারকে টেলিফোনে দাওয়াত করলে তিনি গীতাপাঠ বাদ রাখার কথা বলেন। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি, জেলাসহ অন্যান্য উপজেলার অনুষ্ঠানে গীতাপাঠ রয়েছে। তাই, জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে আমরা গীতাপাঠ করিয়েছি। তখন অবশ্য এমপি স্যার ছিলেন না। এ নিয়ে পরে কোনো সমস্যা হয়নি।’ 

এ বিষয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ‘জাতীয় সংসদে শপথের সময় শুধু কোরআন তেলাওয়াত হয়েছে। সংসদ অধিবেশনও শুধু কোরআন তেলাওয়াতে শুরু হচ্ছে। কোনো কেতাব পাঠ হচ্ছে না। তাই আইনশৃঙ্খলা সভায় আমি ইউএনওকে বলেছি, সংসদ যেভাবে শুরু হচ্ছে সেভাবে শুধু কোরআন তেলাওয়াত রাখতে, সংসদের ধারা চর্চা করতে বলেছি। কেতাব পাঠ সাবেক ফ্যাসিস্ট সরকারের চর্চা ছিলো। গীতা বা বাইবেল আমি উচ্চারণ করিনি।’ 

তিনি আরও বলেন, ‘যখন গীতাপাঠ হয়েছে, তখন আমি অনুষ্ঠানে ছিলাম না। শুধু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় ৪০ মিনিট ছিলাম। সেখানে কী পাঠ হয়েছে তা জানা নেই।’

আরও পড়ুন

×