দীঘিনালায় আগুনে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় আগুনে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১০:০৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ | ১০:১৭
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এক বছরের ব্যবধানে একই স্থানে আবারও বড় ধরনের আগুনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বোয়ালখালী বাজারে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে দীঘিনালা ও সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দীঘিনালা ফায়ার স্টেশনের ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ওষুধ, কাপড়সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় লোকজনও অংশ নেয়।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতিবছরই দীঘিনালা ও বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানি ও স্থায়ী ব্যবস্থা নেই।
এদিকে পার্বত্য অঞ্চলের প্রধান উৎসব বৈসাবি সামনে রেখে ব্যবসায়ীরা নতুন পণ্য তুলেছিলেন দোকানে। এমন সময়ে আগুনে পুড়ে যাওয়ায় অনেকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন।
