সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ তেলবাহী লরি জব্দ
সাত হাজার লিটার পেট্রলসহ জব্দ তেলবাহী লরি
সাতক্ষীরায় প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৭:৫৯
সাতক্ষীরায় অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির সময় সাত হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে স্থানীয় লোকজন। রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে এ তেল জব্দ করা হয়। সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী একটি লরি সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামে সড়কে অবৈধভাবে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় ঘটনাস্থল থেকে লরিটি আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, লরিটি বর্তমানে থানা হেফাজতে আছে।
তিনি জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।
- বিষয় :
- জ্বালানি তেল
- পেট্রল
- জব্দ
