ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি
×

রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে সোমবারের মানববন্ধন। ছবি: সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২১:১৬

রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও ঝুঁকিহীন নৌযাত্রার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় ‘সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ’-এর ব্যানারে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, রাজবাড়ীতে মাত্র কয়েকটি পরিবহনের বাস ঢাকায় চলাচল করে। এরা সিন্ডিকেট করে আছে। তারা নিজেরাও ভালো বা ফিট বাস নামায় না, অন্যদেরও নামাতে দেয় না। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। অতীতে রাজবাড়ীতে বাইরের কোনো পরিবহনকে আসতে দেওয়া হয়নি। এর কারণ তাদের ব্যবসা কমে যাবে। আমরা রাজবাড়ীতে উন্নতমানের বাস সার্ভিস চাই। 

বক্তারা আরও বলেন, একটা বাসের ভেতরে ৫০ জন যাত্রী থাকেন। ওইসব যাত্রীর জীবন একজন চালকের ওপর নির্ভর করে। কিন্তু সেই চালক যদি মাদকাসক্ত হয়, তাহলে সবার জীবনই ঝুঁকিতে থাকে। কোনো নেশাগ্রস্ত ব্যক্তিকে যেন চালকের লাইসেন্স দেওয়া না হয়। পরিবহনের চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ এবং অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী হাসিবুল ইসলাম, মোহাম্মদ তামিম প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সম্প্রতি পদ্মা নদীতে বাসডুবিতে নিহত জ্যোৎস্না বেগমের ছেলে আলিফসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
 

আরও পড়ুন

×