সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
স্বজনদের আহাজারি
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৫:০২ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ১৬:২২
পাবনার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫)নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ঘুঘুদহ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আফছার সরদার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজিলাল সরদারের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন বলে তার পরিবার জানায়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের কৃষক আফছার সরদার স্থানীয় একটি বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। তার চিৎকারে স্থানীয় ও স্বজনরা এগিয়ে এসে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। পরে আফছারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে আজ বুধবার পাবনা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন, ‘আমার বাবার হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত আফছারের মা আবেদা খাতুন জানান, ‘আমার ছেলে সহজ-সরল, সে কাজ ছাড়া কিছু বুঝত না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
সাঁথিয়া থানার ওসি বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- পাবনা
- হত্যা
- সাঁথিয়া
- কুপিয়ে হত্যা
