ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ

জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ
×

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের পক্ষ থেকে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করায় এ উদ্যোগটি নতুন করে গতি পেয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রস্তাবিত পৌরসভার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। 

পর্যটনকেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করতে গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিবকে ডিও লেটার দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
আরিফুল হকের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ সিলেট জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জাফলংয়ের প্রস্তাবিত পৌরসভার সার্বিক বিষয় জানাতে একটি পরিপত্র জারি করে স্থানীয় সরকার বিভাগ। এতে পৌরসভা গঠনের লক্ষ্যে জাফলংয়ের জনসংখ্যা, আয়তন, ভূমির প্রকৃতি, রাজস্ব সম্ভাবনা ও অবকাঠামোগত তথ্য চাওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরকে দ্রুত এসব বিষয়ে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী এক প্রস্তাবে জাফলং ও জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরেন। প্রস্তাবে তিনি উল্লেখ করেন, জাফলং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিবছর লাখ লাখ পর্যটক আকর্ষণ করে। তবে অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধার ঘাটতির কারণে পর্যটন ব্যবস্থাপনা ও সেবা প্রদানে নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। পৌরসভা গঠিত হলে  পর্যটন খাত আরও বিকশিত হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং নাগরিক সেবা সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
এদিকে জাফলংকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় তরুণ প্রজন্ম, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা। 
জাফলং বল্লাঘাট পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো. হোসেন মিয়া বলেন, পৌরসভা গঠিত হলে পর্যটন এলাকায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো গড়ে উঠবে। এতে করে পর্যটন খাত আরও বিকশিত এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
স্থানীয় ইউপি সদস্য পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, জাফলং একটি সুপরিচিত পর্যটনকেন্দ্র। পর্যটন সম্ভাবনাকে ঘিরে হোটেল, মোটেলসহ নানা অবকাঠামো গড়ে উঠেছে, যা একটি পৌরসভার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। পৌরসভা গঠন হলে জাফলং একটি পরিকল্পিত পর্যটন নগরীতে রূপ নেবে। নাগরিক সেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় সম্ভাব্য পরিবর্তন আসবে।
জাফলং পৌরসভা প্রতিষ্ঠার বিষয়সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। তিনি বলেন, এ বিষয় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরও পড়ুন

×