প্রভাবশালীরা যেন ফায়দা তুলতে না পারে: পানিসম্পদমন্ত্রী
ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২১:০২
সমাজে অপরাধসহ নানা বিরোধের সুযোগে প্রভাবশালীরা যেন ফায়দা তুলতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেন। যেখানে যেটা সুবিধা, তারা সেটাই ব্যবহার করেন। ফলে অনেক সময় অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়।
এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমাদের এমন ব্যবস্থা নিতে হবে, যাতে আমাকে, আমাদের দলকে বা প্রশাসনকে অপ্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে না হয়।’
প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং বিরোধ নিষ্পত্তিতে ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোটখাটো বিরোধ যেন বড় আকার ধারণ না করে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী (বিএডিসি) আব্দুল্লাহ মামুন প্রমুখ।
- বিষয় :
- পানিসম্পদমন্ত্রী
- লক্ষ্মীপুর
