ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব

যমুনার চরে গুলি করে বালুমহালের ম্যানেজারকে হত্যা

যমুনার চরে গুলি করে বালুমহালের ম্যানেজারকে হত্যা
×

ফাইল ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:৪৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বালুমহালের ম্যানেজার নিহত হয়েছেন। নিহত মিরাজ হোসেন (৪০) পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং তেওতা বালুমহালের ম্যানেজার।

এ ছাড়া গুলিতে জাহাঙ্গীর নামের আরেকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় যমুনার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় এ ঘটনা ঘটে।

শিবালয় উপজেলার তেওতা বালুমহালের ইজারাদার কাওছার হোসেন জানান, গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়– নদী থেকে বালু উত্তোলন করে তা বাল্কহেড জাহাজে বিক্রি করলে তাঁকে খুন করা হবে। এ ব্যাপারে তিনি বৃহস্পতিবারই শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সন্ধ্যার দিকে নদীপারে ম্যানেজার মিরাজসহ তাঁর লোকজন ড্রেজারে অবস্থান করছিলেন। এ সময় স্পিডবোটে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ম্যানেজার মিরাজকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মিরাজ ও জাহাঙ্গীরকে উদ্ধার করে শিবালয় নিয়ে আসেন। মিরাজকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে শিবালয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, খবর পেয়ে থানার ওসি নেতৃত্বে ১২ সদস্যের পুলিশ টিম ঘটনাস্থলে গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×