কোটি টাকার ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারাবারি গ্রেপ্তার
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ২৩:০০
রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে চারশ গ্রাম হেরোইন ও পাঁচশ পিস ইয়াবাসহ মাদক রানী হিসেবে চিহ্নিত হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া থেকে আরও ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের একটি দল পৃথক এই দুই স্থানে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ ও দুজনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত এই মাদকের মূল্য আনুমানিক এক কোটি টাকা।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হোসনে আরা জানিয়েছেন, যশোরে বেনাপোল সীমান্ত হয়ে হেরোইনের চালান ঢাকায় আসে। তিনি রাজধানীর দয়াগঞ্জসহ বিভিন্ন জায়গায় হেরোইন ও ইয়াবা পাইকারি বিক্রি করেন। জিজ্ঞাসাবাদে ইদ্রিস জানিয়েছেন, ইয়াবা আনা হয় মিয়ানমার থেকে। হুন্ডির মাধ্যমে দেশটির ইয়াবা কারবারিদের কাছে টাকা পাঠানো হয়।
এ ঘটনায় ডিএনসির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে ডেমরা এবং রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেছেন।
পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে ডেমরার ডগাইরের সেনোয়ারা গ্রীন নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে চারশ গ্রাম হেরোইন ও পাঁচশ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি হোসনে আরা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এটি তার বাসা। দুপুরে চনপাড়া বটতলা এলাকায় সাগর আহম্মেদের বাড়ি ভাড়াটিয়া মো: ইদ্রিসের বাসায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- গ্রেপ্তার
- মাদক কারবারি
