ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নদীভাঙন থেকে তিন গ্রাম রক্ষার দাবি

‘জমি না থাকলে মোরা কি খাইয়া বাঁচমু?’

‘জমি না থাকলে মোরা কি খাইয়া বাঁচমু?’
×

বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামের আন্ধার মানিক নদীর তীরে সোমবারের মানববন্ধনে এলাকাবাসী। ছবি: সমকাল

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৬:১৪

আন্ধার মানিক নদীর ভাঙন থেকে তিনটি গ্রাম রক্ষার দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টায় শিকারীপাড়া গ্রামের আন্ধার মানিক নদীর তীরে পালিত কর্মসূচিতে শিকারীপাড়া ছাড়াও কাজীর খাল ও নিউপাড়ার শতাধিক মানুষ অংশ নেন।

সেখানে দেওয়া বক্তব্যে নিউপাড়া গ্রামের শানু আকন বলেন, ‘ভাঙ্গনে মোগো জমিজমা থাকবে না। জমি না থাকলে মোরা কি খাইয়া বাঁচমু?’

এলাকাবাসীর ভাষ্য, সাগর তীরবর্তী আন্ধার মানিক নদীর তীব্র ভাঙনের শিকার হয়ে গ্রাম তিনটির শত শত পরিবার বসতভিটা ও কৃষি জমি হারিয়েছেন। তারা নিঃস্ব হয়ে অন্য জায়গায় চলে গেছেন। এসব গ্রামে এখনও যারা বসবাস করছেন, তারাও বসতভিটা ও কৃষিজমি ভাঙনের আশঙ্কায় দিন পার করছেন। 

বক্তারা গ্রামগুলোকে রক্ষায় দ্রুত সময়ের মধ্যে ব্লক ফেলার দাবি জানিয়েছেন। তারা বলেন, দ্রুত এই কাজ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙন ঠেকানো যাবে না। 

শিকারীপাড়া গ্রামের আজিজ ফকির সেখানে বলেন, ‘ভাঙ্গনের লইগ্যা মোগো গ্রামের ব্যামালা মানুষ ঘরবাড়ি ছাইড়্যা অন্য জায়গায় চইল্যা গ্যাছে।’

কাজিরখাল গ্রামের আম্বিয়া বেগম বলেন, ‘বাবা মোরা ডরের মধ্যে আছি– কোন সময় মোগো খালে সব লইয়া যায়।’ 

তালতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ুন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইমরান হোসেন ফোরকান, ইউপি সদস্য মো. আনোয়ার খান, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, সমাজসেবক আলাউদ্দিন মোল্লা, সাংবাদিক হাইরাজ মাঝি প্রমুখ।

আরও পড়ুন

×