খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৭:৩৪
খাগড়াছড়ি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করে বলেন, ঠ্যাঙ্গারে সন্ত্রাসী বাহিনীর অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিউটন চাকমা। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণে রক্ষা পান।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। বর্তমানে তাদের দলে শত্রুর অভাব নেই।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- গুলি
- গুলি করে হত্যা
- নিহত
