ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে মাদকবিরোধী বার্তা

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে মাদকবিরোধী বার্তা
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং দিনাজপুরের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দৌড়ে এসে মাঝপথে যমুনা নদী সাঁতরে পার হয়েছেন অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব। বুধবার বিকেলে তিনি দিনাজপুরের জিরো পয়েন্টে পৌঁছান। তাঁর এই অভিযানে সঙ্গী ছিলেন বন্ধু সাইক্লিস্ট রাব্বি, যিনি পুরো পথ সাইকেলে পাড়ি দেন।
পরে বিকেলে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবুসহ অন্যরা।

এর আগে গত ২ এপ্রিল ঢাকার জিরো পয়েন্ট থেকে বিশেষ এই দৌড় শুরু করেন সাকিব। ‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে তিনি ৩৬০ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করেন। অভিযানের অংশ হিসেবে গত ৪ এপ্রিল সকাল সোয়া ৯টায় যমুনা নদীতে সাঁতার শুরু করেন। টানা ৩ ঘণ্টা সাঁতার শেষে দুপুর ১২টা ৭ মিনিটে নদী পার হন, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সাকিবের এই সাহসী উদ্যোগ ও অদম্য স্পৃহাকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়েছে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পাটোয়ারী বিজনেস হাউস’।
দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী বলেন, তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, পাশাপাশি দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির, বিখ্যাত লিচু ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরার কাজও করছে।

সাখাওয়াত হোসেন সাকিব বলেন, ‘আমার স্বপ্ন ছিল মাদকের বিরুদ্ধে বার্তা নিয়ে ঢাকা থেকে দিনাজপুরে দৌড়ে আসা। ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। সামনে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে।’
তাঁর বন্ধু সাইক্লিস্ট রাব্বি বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা শুধু দিনাজপুর নয়, দেশের জন্য কিছু করতে চাই। এজন্য তরুণ সমাজকে পাশে থাকার আহ্বান জানাই।’

আরও পড়ুন

×