বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। আজ রোববার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করেছে। ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে শোভাযাত্রা।একই দিনে বেলা ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের মতো এবারও আমরা জুলাই শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি চার দিন চলবে। রোববার (আজ) বিকেল ৩টায় এটি উদ্বোধন করবেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। উত্তরবঙ্গের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও আয়োজন থাকবে বলে জানান তিনি।
নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, চৈত্রসংক্রান্তি ও নববর্ষ ঘিরে প্রশাসন নানা আয়োজন হাতে নিয়েছে। চৈত্রসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে। এ ছাড়া হলের শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ বিশেষ খাবারের ব্যবস্থা করেছে।
সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলা শুরু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গতকাল সকালে বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। মেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়া এবং ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- আবু সাঈদ
