ধানক্ষেতে স্ত্রীর লাশ স্বামী কারাগারে
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাবেক স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহত আশুরার সাবেক স্বামী বাবুল মণ্ডলকে।
গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপ ঘর থেকে বাবলুকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটি দাশরা মৌজার সোতার গুচ্ছগ্রামসংলগ্ন রেজাউল ইসলামের বোরো ধানের জমি ইয়জেকে এক নারীর পুতে রাখা লাশ উদ্ধার হয়। গভীর নলকূপের ডেনম্যান আব্দুস সালাম মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেন। নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের তালাকপ্রাপ্ত স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, বাবলুর তিন স্ত্রীর মধ্যে আশুরা তৃতীয় স্ত্রী ছিলেন। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদের পর আশুরা তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ যৌতুকের মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য তুষার হোসেন বলেন, আশুরা বেগম বাবলু মণ্ডলের তৃতীয় স্ত্রী ছিলেন। স্ত্রীকে তালাক দেওয়ার পরও ঘটনার দিন বাবলু ওই তালাকপ্রাপ্ত স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন।
স্থানীয়দের ধারণা, সোতার পুকুর আদর্শগ্রাম থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেজাউলের ধানক্ষেতে আশুরাকে হত্যা করে পুঁতে রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টায় বাবলুকে পুলিশ গ্রেপ্তার করে।
মরদেহ উদ্ধারের সময় মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বামী বাবলুকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- লাশ
