ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সারাদেশে জিমনেশিয়াম তৈরি করা হবে, উদ্ধার করা হবে বেদখলগুলো: আমিনুল হক

সারাদেশে জিমনেশিয়াম তৈরি করা হবে, উদ্ধার করা হবে বেদখলগুলো: আমিনুল হক
×

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৭:৪৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারাদেশে খেলোয়াড়দের জন্য জিমনেশিয়াম তৈরি করা হবে। আর যে সব জেলায় জিমনেশিয়াম বেদখল হয়েছে, সেগুলো উদ্ধার করে খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হব।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে এ ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন। 

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কাজগুলো একটি পরিকল্পনামাফিক শেষ করা হবে। 

প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিলেট থেকে সারাদেশের জেলা শহরে প্রত্যেকটি স্টেডিয়ামে একযোগে কার্যক্রম শুরু হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী বাচ্চা এই কার্যক্রমে অংশ নেবে। আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম যাতে জাতির জন্য, সমাজের জন্য গড়ে উঠতে পারে এ জন্য এমন কার্যক্রম শুরু করা হচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।

আরও পড়ুন

×