ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আনন্দ নিয়ে এসেছে ফুটফুটে ‘হীরা মনি’ 

আনন্দ নিয়ে এসেছে ফুটফুটে ‘হীরা মনি’ 
×

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জন্ম নেওয়া হীরা মনি। ছবি: সমকাল

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:৪৯

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের হাফেজ আশিকুর রহমান ও রুনা আক্তার দম্পতির কোলজুড়ে এসেছে তৃতীয় সন্তান। পহেলা বৈশাখের প্রথম প্রহরে মঙ্গলবার জন্ম নিয়েছে এক কন্যাশিশু।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্বাভাবিক প্রসব করেন চিকিৎসক। একটি ফুটফুটে মুখ পরিবারটিতে এনেছে উৎসবের আমেজ। শিশুটির নানি দিলোয়ারা আক্তার আগে থেকেই নাতনির নাম রাখেন ‘হীরা মনি’।

প্রসূতি পরিবারের তথ্যমতে, ২০১৮ সালে এ দম্পতির বিয়ে হয়। তাদের প্রথম সন্তান মেয়ে ও দ্বিতীয়টি ছেলে। সোমবার ১৩ এপ্রিল সন্ধ্যা রাতে প্রসবব্যথা শুরু হয় রুনা আক্তারের। কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাত ১২টার দিকে স্বজনেরা তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এরপর দীর্ঘ অপেক্ষার পর সকাল ৮টার দিকে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

নবজাতকের নানা বাবুল মিয়া অনুভূতি প্রকাশ করতে কি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বললেন, ‘খুব আনন্দের বিষয়, আমার নাতনি পহেলা বৈশাখে জন্ম নিল। তাঁর জন্ম তারিখ কখনও ভুল হবে না।’

নবজাতকের বাবা হাফেজ আশিকুর রহমান বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, স্বাভাবিকভাবেই বাচ্চার জন্ম হয়েছে। সন্তান পহেলা বৈশাখে জন্ম নিল, এজন্য আনন্দ পাচ্ছি।’

হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত নার্স সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমার নার্সিং পেশায় এই প্রথম পহেলা বৈশাখে কোনো নবজাতকের জন্ম দেখলাম, ভালো লেগেছে।’

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমীন বলেন, প্রসূতি মা ও শিশু সুস্থ আছে। 

আরও পড়ুন

×