ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেবক হতে এসেছি, নেতা হতে নয়

বললেন সৈয়দ মো. ফয়সল

সেবক হতে এসেছি, নেতা হতে নয়
×

চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মো. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ২০:৩৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ২০:৩৬

‘সেবক হতে এসেছি, নেতা হতে আসিনি।’ মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন বার্তাই দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মো. ফয়সল।

সৈয়দ মো. ফয়সল বলেন, তিনি দল-মত, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। চুনারুঘাট ও মাধবপুরের মানুষ যেন সুখে-শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই তাঁর মূল লক্ষ্য। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সৈয়দ ফয়সলের উপস্থিতিতে প্রাণবন্ত সময় কাটিয়েছেন সেখানে উপস্থিত বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অতিথিদের উদ্দেশে ফয়সল বলেন, ‘সাড়ে সাত লাখ মানুষের ভোটে আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার কাছে সবাই সমান। আমি কোনো বিভাজনে বিশ্বাস করি না। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আমাদের দল সেটিরই বাস্তবতা দেখিয়েছে।’

সৈয়দ ফয়সল বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুসহ প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে পর্যায় ক্রমে। 

দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভেদ ভুলে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। সেজন্য তিনি প্রত্যেক নাগরিকের সহায়তা প্রত্যাশা করেন।

বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে এমপি বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এটি অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর, যা জাতিকে ঐক্যবদ্ধ করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি সালেহ আহমেদ। বক্তব্য দেন চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 

আরও পড়ুন

×